দ্বিতীয় খণ্ড - পরিশিষ্ট
পুস্তকস্থ ঘটনাবলীর সময়নিরূপণের তালিকা
ঠাকুরের জন্ম সন ১২৪২ সালের ৬ ফাল্গুন, বুধবার, ব্রাহ্মমুহূর্তে, শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে, ইংরাজী ১৮৩৬ খ্রীষ্টাব্দের ১৭ ফেব্রুয়ারি তারিখে সূর্যোদয়ের কিছু পূর্বে হইয়াছিল।
| সন | খ্রীষ্টাব্দ | ঘটনা |
| ১২৫৯ | ১৮৫২ - ১৮৫৩ | কলিকাতার চতুষ্পাঠীতে আগমন। (ঠাকুরের বয়স ১৬ বৎসর পূর্ণ হইয়া কয়েক মাস)। |
| ১২৬০ | ১৮৫৩ - ১৮৫৪ | চতুষ্পাঠীতে বাস, পাঠ ও পূজাদি। |
| ১২৬১ | ১৮৫৪ - ১৮৫৫ | ঐ ঐ। |
| ১২৬২ | ১৮৫৫ - ১৮৫৬ | ১৮ জ্যৈষ্ঠ দক্ষিণেশ্বরের মন্দিরপ্রতিষ্ঠা; ঠাকুর কালীমন্দিরে বেশকারীর পদে ও হৃদয় সাহায্যকারীর পদে নিযুক্ত; বিষ্ণুবিগ্রহ ভগ্ন হওয়া, ঠাকুরের বিষ্ণুঘরের পূজকের পদগ্রহণ; ১৪ ভাদ্র, ইং ২৯ আগস্ট রানীর দেবসেবার জন্য জমিদারি কেনা; কেনারাম ভট্টের নিকট ঠাকুরের দীক্ষাগ্রহণ; ঠাকুরের ৺কালীপূজকের ও রামকুমারের বিষ্ণুপূজকের পদগ্রহণ। |
| ১২৬৩ | ১৮৫৬ - ১৮৫৭ | হৃদয়ের বিষ্ণুপূজকের পদগ্রহণ; রামকুমারের মৃত্যু; ঠাকুরের পাপপুরুষ দগ্ধ হওয়া ও গাত্রদাহ; ঠাকুরের প্রথমবার দেবোন্মত্তভাব ও দর্শন; ভূকৈলাসের বৈদ্যের ঔষধসেবন। |
| ১২৬৪ | ১৮৫৭ - ১৮৫৮ | ঠাকুরের রাগানুগা পূজা দেখিয়া মথুরের আশ্চর্য হওয়া; ঠাকুরের রানী রাসমণিকে দণ্ডদান; হলধারীর পূজকরূপে নিযুক্ত হওয়া ও ঠাকুরকে অভিশাপ। |
| ১২৬৫ | ১৮৫৮ - ১৮৫৯ | আশ্বিন বা কার্তিকে ঠাকুরের কামারপুকুর গমন; চণ্ড নামানো। |
| ১২৬৬ | ১৮৫৯ - ১৮৬০ | বৈশাখ মাসে ঠাকুরের বিবাহ। |
| ১২৬৭ | ১৮৬০ - ১৮৬১ | ঠাকুরের দ্বিতীয়বার জয়রামবাটী গমন; পরে কলিকাতায় প্রত্যাগমন; মথুরের শিব ও কালীরূপে ঠাকুরকে দর্শন; ঠাকুরের দ্বিতীয়বার দেবোন্মত্ততা ও কবিরাজ গঙ্গাপ্রসাদের চিকিৎসা; ১৮৬১, ১৮ ফেব্রুয়ারি তারিখে রানী রাসমণির দেবোত্তর দলিলে সহি করা ও পরদিন মৃত্যু; ঠাকুরের জননীর বুড়ো শিবের নিকটে হত্যা দেওয়া; ব্রাহ্মণীর আগমন ও ঠাকুরের তন্ত্রসাধন আরম্ভ। |
| ১২৬৯ | ১৮৬২ - ১৮৬৩ | ঠাকুরের তন্ত্রসাধন সম্পূর্ণ হওয়া। |
| ১২৭০ | ১৮৬৩ - ১৮৬৪ | পদ্মলোচন পণ্ডিতের সহিত দেখা; মথুরের অন্নমেরু-অনুষ্ঠান; ঠাকুরের জননীর গঙ্গাবাস করিতে আগমন; জটাধারীর আগমন, ঠাকুরের বাৎসল্য ও মধুরভাব-সাধন। |
| ১২৭১ | ১৮৬৪ - ১৮৬৫ | তোতাপুরীর আগমন ও ঠাকুরের সন্ন্যাস গ্রহণ। |
| ১২৭২ | ১৮৬৫ - ১৮৬৬ | হলধারীর কর্ম হইতে অবসরগ্রহণ ও অক্ষয়ের পূজকের পদগ্রহণ; শ্রীমৎ তোতাপুরীর দক্ষিণেশ্বর হইতে চলিয়া যাওয়া। |
| ১২৭৩ | ১৮৬৬ - ১৮৬৭ | ঠাকুরের ছয়মাস কাল অদ্বৈতভূমিতে অবস্থান সম্পূর্ণ হওয়া; শ্রীমতী জগদম্বা দাসীর কঠিন পীড়া আরোগ্য করা; পরে ঠাকুরের শারীরিক পীড়া ও মুসলমানধর্ম সাধন। |
| ১২৭৪ | ১৮৬৭ - ১৮৬৮ | ব্রাহ্মণী ও হৃদয়ের সহিত ঠাকুরের কামারপুকুরে গমন; শ্রীশ্রীমার কামারপুকুরে আগমন; অগ্রহায়ণ মাসে ঠাকুরের কলিকাতায় প্রত্যাগমন ও মাঘ মাসে তীর্থযাত্রা। |
| ১২৭৫ | ১৮৬৮ - ১৮৬৯ | জ্যৈষ্ঠ মাসে ঠাকুরের তীর্থ হইতে প্রত্যাগমন; হৃদয়ের প্রথমা স্ত্রীর মৃত্যু এবং দুর্গোৎসব ও দ্বিতীয়বার বিবাহ। |
| ১২৭৬ | ১৮৬৯ - ১৮৭০ | অক্ষয়ের বিবাহ ও মৃত্যু। |
| ১২৭৭ | ১৮৭০ - ১৮৭১ | ঠাকুরের মথুরের বাটীতে ও গুরুগৃহে গমন; কলুটোলায় শ্রীশ্রীচৈতন্যদেবের আসনগ্রহণ; পরে কালনা, নবদ্বীপ ও ভগবানদাস বাবাজীকে দর্শন। |
| ১২৭৮ | ১৮৭১ - ১৮৭২ | জুলাই মাসের ১৬ তারিখে (১ শ্রাবণ) মথুরের মৃত্যু; ফাল্গুন মাসে রাত্রি ৯টার সময় শ্রীশ্রীমার দক্ষিণেশ্বরে প্রথম আগমন। |
| ১২৭৯ | ১৮৭২ - ১৮৭৩ | শ্রীশ্রীমার দক্ষিণেশ্বরে বাস। |
| ১২৮০ | ১৮৭৩ - ১৮৭৪ | জ্যৈষ্ঠ মাসে ঠাকুরের ৺ষোড়শী-পূজা; শ্রীশ্রীমার গৌরী পণ্ডিতকে দর্শন ও আন্দাজ আশ্বিনে (১৮৭৩, সেপ্টেম্বর) কামারপুকুরে প্রত্যাগমন; অগ্রহায়ণে রামেশ্বরের মৃত্যু। |
| ১২৮১ | ১৮৭৪ - ১৮৭৫ | (আন্দাজ ১৮৭৫ এপ্রিল) শ্রীশ্রীমার দ্বিতীয়বার দক্ষিণেশ্বরে আসা; শম্ভু মল্লিকের ঘর করিয়া দেওয়া; চানকে ৺অন্নপূর্ণাদেবীর মন্দির প্রতিষ্ঠা; ঠাকুরের শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনকে প্রথমবার দেখা। |
| ১২৮২ | ১৮৭৫ - ১৮৭৬ | (আন্দাজ ১৮৭৫ নভেম্বর) পীড়িতা হইয়া শ্রীশ্রীমার পিত্রালয়ে গমন; ঠাকুরের জননীর মৃত্যু। |
| ১২৮৩ | ১৮৭৬ - ১৮৭৭ | কেশবের সহিত ঠাকুরের ঘনিষ্ঠ সম্বন্ধ। |
| ১২৮৪ | ১৮৭৭ - ১৮৭৮ | কেশবের সহিত ঠাকুরের ঘনিষ্ঠ সম্বন্ধ। (আন্দাজ ১৮৭৭, নভেম্বর) শ্রীশ্রীমার দক্ষিণেশ্বরে আগমন। |
| ১২৮৫ | ১৮৭৮ - ১৮৭৯ | ঠাকুরের চিহ্নিত ভক্তগণের আগমন আরম্ভ। |
| ১২৮৭ | ১৮৮০ - ১৮৮১ | শ্রীশ্রীমার পুনরায় দক্ষিণেশ্বরে আগমন ও হৃদয়ের কটু কথায় পুনরায় ঐ দিবসেই চলিয়া যাওয়া; শ্রীমতী জগদম্বা দাসীর মৃত্যু। |
| ১২৮৮ | ১৮৮১ - ১৮৮২ | হৃদয়ের পদচ্যুতি ও দক্ষিণেশ্বর হইতে অন্যত্র গমন; শ্রীবিবেকানন্দ স্বামীর ঠাকুরের নিকট আগমন। |