Prev | Up | Next

তৃতীয় খণ্ড - দ্বিতীয় অধ্যায়: ভাব, সমাধি ও দর্শন সম্বন্ধে কয়েকটি কথা

উচ্চাবচ ভাবসমাধি কিরূপে বুঝা যাইবে

ভাবের গভীরতার যদি পরিমাণের আবশ্যক হয়, তবে পূর্বে যেরূপ বলিয়াছি - নিষ্ঠা, ত্যাগ, চরিত্রবল, বিষয়-কামনার হ্রাস প্রভৃতি দেখিয়াই অনুমান করিতে হইবে। ভাব-সমাধিতে কত খাদ আছে, তাহা কেবল ঐ কষ্টিপাথরেই পরীক্ষিত হইতে পারে, নতুবা আর অন্য উপায় নাই। অতএব বেশ বুঝা যাইতেছে যে, যাঁহারা সকলপ্রকার বিষয়বাসনা-বর্জিত হইয়া শুদ্ধ-বুদ্ধ-মুক্ত-স্বভাব প্রাপ্ত হইয়াছেন, তাঁহাদের ভিতরেই কেবল শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য বা মধুর - যে কোন ভাবের যথাযথ সর্বাঙ্গসম্পূর্ণ ছবি দেখিতে পাওয়া সম্ভব; যাহারা কামকাঞ্চন-বাসনাবিজড়িত তাহাদের ভিতর নহে। কামান্ধ কামনার টানই বুঝে - কামগন্ধরহিত যে মনের আবেগ, তাহা কেমন করিয়া বুঝিবে?

Prev | Up | Next


Go to top