Prev | Up | Next

তৃতীয় খণ্ড - দ্বিতীয় অধ্যায়: ভাব, সমাধি ও দর্শন সম্বন্ধে কয়েকটি কথা

'কাঁচা আমি ও পাকা আমি'; একটা ভাব পাকা ক'রে ধরলে তবে ঈশ্বরের উপর জোর চলে

আবার বলিতেন, "যাঁকে ভাল লাগে, যে ভাব ভাল লাগে, একজনকে বা একটাকে পাকা করে ধর তবে তো আঁট হবে। 'সে যে ভাবের বিষয় ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে?' - ভাব চাই। একটা ভাব নিয়ে তাঁকে ডাকতে হয়। 'যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। ভাবিলে ভাবের উদয় হয়।' - ভাব চাই, বিশ্বাস চাই, পাকা করে ধরা চাই - তবে তো হবে। তবে কি জান? তাঁর (ঈশ্বরের) সঙ্গে একটু সম্বন্ধ পাতানো - এরই নাম। সেইটে সর্বক্ষণ মনে রাখা, যেমন - তাঁর দাস আমি, তাঁর সন্তান আমি, তাঁর অংশ আমি; এই হচ্ছে পাকা আমি, বিদ্যার আমি - এইটি খেতে শুতে বসতে সব সময় স্মরণ রাখা! আর এই যে বামুন আমি, কায়েৎ আমি, অমুকের ছেলে আমি, অমুকের বাপ আমি - এসব হচ্চে অবিদ্যার আমি; এগুলোকে ছাড়তে হয়, ত্যাগ করতে হয় - ওগুলোতে অভিমান-অহঙ্কার বাড়িয়ে বন্ধন এনে দেয়। স্মরণ-মননটা সর্বদা রাখা চাই, খানিকটে মন সব সময় তাঁর দিকে ফিরিয়ে রাখবে - তবে তো হবে। একটা ভাব পাকা করে ধরে তাঁকে আপনার করে নিতে হবে, তবে তো তাঁর উপর জোর চলবে। এই দ্যাখ না, প্রথম প্রথম একটু-আধটু ভাব যতক্ষণ, ততক্ষণ 'আপনি, মশাই' ইত্যাদি লোকে বলে থাকে; সেই ভাব যেই বাড়ল, অমনি 'তুমি তুমি' - আর তখন 'আপনি টাপনি'-গুলো বলা আসে না; যেই আরও বাড়লো, আর তখন 'তুমি টুমি'-তেও মানে না - তখন 'তুই মুই'! তাঁকে আপনার হতে আপনার করে নিতে হবে, তবে তো হবে।"

Prev | Up | Next


Go to top