তৃতীয় খণ্ড - তৃতীয় অধ্যায়: শ্রীশ্রীরামকৃষ্ণের গুরুভাব
অর্জুনের গুরুভক্তির কথা
ঠাকুর শুনিয়া প্রসন্নমুখে হাসিতে হাসিতে বলিলেন, "গুরুভক্তি কেমন জান? গুরু যা বলবে তা তখনি দেখতে পাবে - সে ভক্তি ছিল অর্জুনের। একদিন শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে রথে চড়ে বেড়াতে বেড়াতে আকাশের দিকে চেয়ে বললেন, 'দেখ সখা, কেমন এক ঝাঁক পায়রা উড়ছে।' অর্জুন অমনি দেখিয়া বলিলেন, 'হাঁ সখা, অতি সুন্দর পায়রা!' পরক্ষণেই শ্রীকৃষ্ণ আবার দেখিয়া বলিলেন, 'না সখা, ও তো পায়রা নয়!' অর্জুন দেখিয়া বলিলেন, 'তাই তো সখা, ও পায়রা নয়।' কথাটি এখন বোঝ - অর্জুন মহা সত্যনিষ্ঠ, তিনি তো আর কৃষ্ণের খোশামোদ করিয়া ঐরূপ বলিলেন না? কিন্তু শ্রীকৃষ্ণের কথায় তাঁর এত বিশ্বাস-ভক্তি যে, যেমন যেমন শ্রীকৃষ্ণ বললেন অর্জুনও তখন ঠিক ঠিক তা দেখতে পেলেন!"