চতুর্থ খণ্ড - দ্বিতীয় অধ্যায়: গুরুভাব ও নানা সাধু সম্প্রদায়
দক্ষিণেশ্বর কালীবাটীতে 'দিশা-জঙ্গল' ও ভিক্ষার বিশেষ সুবিধা বলিয়া সাধুদের তথায় আসা
"রাসমণির বাগানে ভিক্ষার সুবিধা, মা গঙ্গার কৃপায় জলেরও অভাব নেই। আবার নিকটেই মনের মতো 'দিশা-জঙ্গল' যাবার স্থান - কাজেই সাধুরা তখন এখানেই ডেরা করত। আবার, কথা মুখে হাঁটে - এ সাধু ওকে বললে, সে আর একজন এদিকে আসছে জেনে তাকে বললে - এইরূপে রাসমণির বাগানে যে সাগর ও জগন্নাথ দেখতে যাবার পথে একটি ডেরা করবার বেশ জায়গা, এ কথাটা সকল সাধুদের ভেতরেই তখন চাউর হয়ে গিয়েছিল।"