চতুর্থ খণ্ড - চতুর্থ অধ্যায়: গুরুভাব-সম্বন্ধে শেষ কথা
রক্তজবার গাছে শ্বেতজবা-দর্শন
উদ্ভিদ-প্রকৃতির আলোচকেরা সর্বদা শ্বেত বা রক্তবর্ণের পুষ্পপ্রসবকারী উদ্ভিদসমূহে কখনও কখনও তদ্ব্যতিক্রমও হইয়া থাকে বলিয়া গ্রন্থে লিখিয়া গিয়াছেন! কিন্তু ঐরূপ হওয়া এত অসাধারণ যে, সাধারণ মানব উহা কখনও দেখে নাই বলিলেও অত্যুক্তি হয় না। ঠাকুরের জীবনে ঘটনা দেখ - মথুরবাবুর সহিত, প্রাকৃতিক নিয়ম সব সময় ঠিক থাকে না, ঈশ্বরেচ্ছায় অন্যরূপ হইয়া থাকে - এই বিষয় লইয়া যখন ঠাকুরের বাদানুবাদ হইয়াছে সেই সময়েই ঐরূপ একটি দৃষ্টান্ত তাঁহার দৃষ্টিগোচর হওয়া এবং মথুরবাবুকে উহা দেখাইয়া দেওয়া।