Prev | Up | Next

চতুর্থ খণ্ড - পঞ্চম অধ্যায়: ভক্তসঙ্গে শ্রীরামকৃষ্ণ - ১৮৮৫ খৃষ্টাব্দের নবযাত্রা

বিষয়ী লোকের বিপরীত ব্যবহার

এরূপ আরও কত ঘটনার উল্লেখ করা যাইতে পারে। ঐসকল ব্যবহারে আমরা যত আশ্চর্য না হই, সংসারের অপর কেহ যদি অতটাও না করিয়া এতটুকু ঐরূপ কাজ করে তো একেবারে ধন্য ধন্য করি! কেন না, আমরা মুখে বলি আর নাই বলি মনের ভিতরে ভিতরে একেবারে ঠিক দিয়া রাখিয়াছি যে, সংসারে থাকিতে গেলেই 'নিজের কোলে ঝোল টানিতে হইবে', দুর্বলকে সবল হস্তে সরাইয়া নিজের পথ পরিষ্কার করিয়া লইতে হইবে, আপনার কথা ষোল কাহন করিয়া ডঙ্কা বাজাইতে হইবে, নিজের দুর্বলতাগুলি অপরের চক্ষুর অন্তরালে যত পারি লুকাইয়া রাখিতে হইবে, আর সরলভাবে ভগবানের বা মানুষের উপর ষোল আনা বিশ্বাস করিলে একেবারে 'কাজের বার' হইয়া 'বয়ে' যাইতে হইবে! হায় রে সংসার, তোমার আন্তর্জাতিক নীতি, রাজনীতি, সমাজনীতি ও ব্যক্তিগত ধর্মনীতি - সর্বত্রই এইরূপ। তোমার 'দিল্লীকা লাড্ডু' যে খাইয়াছে সে তো পশ্চাত্তাপ করিতেছেই - যে না খাইয়াছে সেও তদ্রূপ করিতেছে।

Prev | Up | Next


Go to top