চতুর্থ খণ্ড - পঞ্চম অধ্যায়: ভক্তসঙ্গে শ্রীরামকৃষ্ণ - ১৮৮৫ খৃষ্টাব্দের নবযাত্রা
ঠাকুরের শশধরকে দেখিবার ইচ্ছা
বলে 'কথা কানে হাঁটে', কাজেই দক্ষিণেশ্বরের মহাপুরুষের কথা পণ্ডিতজীর নিকটে এবং পণ্ডিতজীর গুণপনা ঠাকুরের নিকটে পৌঁছিতে বড় বিলম্ব হইল না! ভক্তদিগেরই কেহ কেহ আসিয়া ঠাকুরের নিকট গল্প করিতে লাগিলেন, "খুব পণ্ডিত, বলেনও বেশ! বত্রিশাক্ষরী হরিনামের সেদিন দেবীপক্ষে অর্থ করিলেন, শুনিয়া সকলে 'বাহবা বাহবা' করিতে লাগিল, ইত্যাদি।" ঠাকুরও ঐ কথা শুনিয়া বলিলেন, "বটে? ঐটি বাবু একবার শুনতে ইচ্ছা করে।" এই বলিয়া ঠাকুর পণ্ডিতকে দেখিবার ইচ্ছা ভক্তদিগের নিকট প্রকাশ করেন।