Prev | Up | Next

চতুর্থ খণ্ড - পঞ্চম অধ্যায়: ভক্তসঙ্গে শ্রীরামকৃষ্ণ - ১৮৮৫ খৃষ্টাব্দের নবযাত্রা

ভাবাবেশে কুণ্ডলিনী-দর্শন ও ঠাকুরের কথা

প্রাঙ্গণ উত্তীর্ণ হইয়া ঠাকুর এইবার নিজ কক্ষে আসিয়া পশ্চিম দিকের গোল বারান্দায় যাইয়া বসিলেন - তখনও ভাবাবিষ্ট। সে ভাব আর ছাড়ে না - কখনও একটু কমে, আবার বাড়িয়া বাহ্যচৈতন্য লুপ্তপ্রায় হয়! এইরূপে কতক্ষণ থাকার পর ভাবাবস্থায় ঠাকুর সঙ্গী ভক্তগণকে বলিতে লাগিলেন, "তোমরা সাপ দেখেছ? সাপের জ্বালায় গেলুম!" আবার তখনি যেন ভক্তদের ভুলিয়া সর্পাকৃতি কুলকুণ্ডলিনীকেই (তাঁহাকেই যে ঠাকুর বর্তমান ভাবাবস্থায় দেখিতেছিলেন এ কথা আর বলিতে হইবে না) সম্বোধন করিয়া বলিতেছেন, "তুমি এখন যাও বাবু; ঠাক্রুণ, তুমি এখন সর; আমি তামাক খাব, মুখ ধোব, দাঁতন হয়নি" - ইত্যাদি। এইরূপে কখনও ভক্তদিগের সহিত এবং কখনও ভাবাবেশে দৃষ্ট মূর্তির সহিত কথা কহিতে কহিতে ঠাকুর ক্রমে সাধারণ মানবের মতো বাহ্যচৈতন্য প্রাপ্ত হইলেন।

Prev | Up | Next


Go to top