Prev | Up | Next

চতুর্থ খণ্ড - সপ্তম অধ্যায়: ভক্তসঙ্গে শ্রীরামকৃষ্ণ - ১৮৮৫ খৃষ্টাব্দের পুনর্যাত্রা ও গোপালের মার শেষকথা

ঠাকুরের স্ত্রী-ভক্তদিগকে গোপালের মার দর্শনের কথা বলা ও তাঁহাকে আনিতে পাঠান

ঠাকুর জল খাইতে খাইতে আজ এইসকল স্ত্রীলোককে 'গোপালের মা'র সৌভাগ্যের কথা বলিতে লাগিলেন। বলিলেন, "ওগো, সেই যে কামারহাটি থেকে বামনের মেয়েটি আসে, যার গোপালভাব - তার সব কত কি দর্শন হয়েছে; সে বলে, গোপাল তার কাছ থেকে হাত পেতে খেতে চায়। সেদিন ঐসব কত কি দেখে শুনে ভাবে প্রেমে উন্মাদ হয়ে উপস্থিত। খাওয়াতে-দাওয়াতে একটু ঠাণ্ডা হলো! থাকতে বললুম, কিন্তু থাকল না। যাবার সময়ও সেইরূপ উন্মাদ - গায়ের কাপড় খুলে ভূঁয়ে লুটিয়ে যাচ্চে, হুঁশ নেই। আমি আবার কাপড় তুলে দিয়ে বুকে মাথায় হাত বুলিয়ে দি! খুব ভক্তি-বিশ্বাস - বেশ! তাকে এখানে আনতে পাঠাও না।"

বলরামবাবুর কানে ঐ কথা উঠিবামাত্র তিনি তৎক্ষণাৎ কামারহাটি হইতে 'গোপালের মা'কে আনিতে লোক পাঠাইলেন - কারণ, আসিবার সময় যথেষ্ট আছে; ঠাকুর আজ কাল তো এখানেই থাকিবেন।

Prev | Up | Next


Go to top