চতুর্থ খণ্ড - সপ্তম অধ্যায়: ভক্তসঙ্গে শ্রীরামকৃষ্ণ - ১৮৮৫ খৃষ্টাব্দের পুনর্যাত্রা ও গোপালের মার শেষকথা
দর্শনের কথা অপরকে বলিতে নাই
গোপালের মা পূর্বাবধি জপ-ধ্যান করিতে করিতে যাহা কিছু দেখিতেন সব ঠাকুরকে আসিয়া বলিতেন; তাহাতে ঠাকুর বলিতেন, "দর্শনের কথা কাহাকেও বলতে নাই, তা হলে আর হয় না।" গোপালের মা তাহাতে এক দিবস বলেন, "কেন? সে সব তো তোমারি দর্শনের কথা, তোমায়ও বলতে নাই?" ঠাকুর তাহাতে বলেন, "এখানকার দর্শন হলেও আমাকে বলতে নাই।" গোপালের মা বলিলেন, 'বটে?' তদবধি তিনি আর দর্শনাদির কথা কাহারও নিকট বড় একটা বলিতেন না। সরল উদার গোপালের মার শ্রীরামকৃষ্ণদেব যাহা বলিতেন তাহাতেই একেবারে পাকা বিশ্বাস হইত। আর সংশয়াত্মা আমরা? আমাদের ঠাকুরের কথা যাচাই করিতে করিতেই জীবনটা কাটিয়া গেল - জীবনে পরিণত করিয়া ঐসকলের ফলভোগে আনন্দ করা আর ঘটিয়া উঠিল না!