Prev | Up | Next

চতুর্থ খণ্ড - সপ্তম অধ্যায়: ভক্তসঙ্গে শ্রীরামকৃষ্ণ - ১৮৮৫ খৃষ্টাব্দের পুনর্যাত্রা ও গোপালের মার শেষকথা

ঠাকুর 'আমি' 'আমার' শব্দের পরিবর্তে সর্বদা 'এখানে' 'এখানকার' বলিতেন। উহার কারণ

'ইহারা আমার' না বলিয়া ঠাকুর 'এখানকার' বলিতেন, কারণ শ্রীরামকৃষ্ণদেবের অপাপবিদ্ধ মনে অহং-বুদ্ধি এতটুকুও স্থান পাইত না। তাই 'আমি', 'আমার' এই কথাগুলি প্রয়োগ করা তাঁহার পক্ষে বড়ই কঠিন ছিল! কঠিন ছিলই বা বলি কেন? তিনি ঐ দুই শব্দ আদৌ বলিতে পারিতেন না। যখন নিতান্তই বলিতে হইত, তখন 'শ্রীশ্রীজগদম্বার দাস বা সন্তান আমি' - এই অর্থে বলিতেন, এবং উহাও পূর্ব হইতে ঐ ভাব ঠিক ঠিক মনে আসিলে তবেই বলা চলিত, সেজন্য কথোপকথনকালে কোন স্থলে 'আমার' বলিতে হইলে ঠাকুর নিজ শরীর দেখাইয়া 'এখানকার' এই কথাটি প্রায়ই বলিতেন - ভক্তেরাও উহা হইতে বুঝিয়া লইতেন; যথা, 'এখানকার লোক', 'এখানকার ভাব নয়' ইত্যাদি বলিলেই আমরা বুঝিতাম, তিনি 'তাঁহার লোক নয়', 'তাঁহার ভাব নয়' বলিতেছেন।

Prev | Up | Next


Go to top