পঞ্চম খণ্ড - দ্বাদশ অধ্যায় - দ্বিতীয় পাদ: ঠাকুরের শ্যামপুকুরে অবস্থান
বলরামের প্রতি কৃপায় ঠাকুরের হরিবল্লভকে দেখিবার সঙ্কল্প
মুখই মনের প্রকৃষ্ট দর্পণ। হরিবল্লভ বসুর কলিকাতায় আসিবার দিবসে বলরাম ঠাকুরের নিকটে উপস্থিত হইলে তিনি তাঁহার মুখ দেখিয়াই বুঝিয়া লইলেন তাঁহার অন্তরে কি একটা সংগ্রাম চলিয়াছে। বলরামকে তিনি বিশেষভাবে আপনার বলিয়া জ্ঞান করিতেন; তাঁহার বেদনায় ব্যথিত হইয়া তাঁহাকে নিজ সমীপে ডাকিয়া প্রশ্নপূর্বক সকল বিষয় জানিয়া লইলেন এবং বলিলেন, "সে লোক কেমন? তাহাকে (হরিবল্লভ বসুকে) একদিন এখানে আনিতে পার?" বলরাম বলিলেন, "লোক খুব ভাল, মশায়! বিদ্বান, বুদ্ধিমান, সদাশয়, পরোপকারী, দান যথেষ্ট, ভক্তিমানও বটে, দোষের মধ্যে বড়লোকের যাহা অনেকসময় হইয়া থাকে, একটু 'কানপাতলা' - এক্ষেত্রে অপরের কথাতেই কি-একটা ঠাওরাইয়াছে। এখানে আসি বলিয়াই আমার উপরে অসন্তোষ, অতএব আমি বলিলে এখানে আসিবে কি?" ঠাকুর বলিলেন, "তবে থাক, তোমার বলিয়া কাজ নাই; একবার গিরিশকে ডাক দেখি।"
গিরিশচন্দ্র আসিয়া সানন্দে ঐ কার্যের ভার গ্রহণ করিলেন এবং বলিলেন, "হরিবল্লভ ও আমি যৌবনের প্রারম্ভে কিছু কাল সহপাঠী ছিলাম, সেজন্য কলিকাতায় আসিয়াছে শুনিলেই আমি তাহার সহিত দেখা করিয়া আসি; অতএব এই কাজ আমার পক্ষে কিছুমাত্র কঠিন নহে, অদ্যই আমি তাহার সহিত সাক্ষাৎ করিতে যাইব।"