পঞ্চম খণ্ড - দ্বাদশ অধ্যায় - তৃতীয় পাদ: ঠাকুরের শ্যামপুকুরে অবস্থান
মহিমের গুরু
দীক্ষা সম্বন্ধে কথা উঠিলে মহিমবাবু কখনও বলিতেন, "আমার গুরুদেবের নাম আগমাচার্য ডমরুবল্লভ"। আবার কখনও বলিতেন, "ঠাকুরের ন্যায় তিনিও পরমহংস পরিব্রাজক শ্রীযুক্ত তোতাপুরীর নিকট দীক্ষাগ্রহণ করিয়াছেন! পশ্চিমে তীর্থপর্যটনকালে একস্থানে তাঁহার দর্শন পাইয়াছিলাম এবং দীক্ষিত হইয়াছিলাম, ঠাকুরকে তিনি ভক্তি অবলম্বন করিয়া থাকিতে বলিয়াছেন এবং আমাকে জ্ঞানমার্গের সাধক হইয়া সংসারে থাকিতে উপদেশ দিয়াছেন।" বলা বাহুল্য, ঐ কথা কতদূর সত্য তাহা তিনি স্বয়ং এবং সর্বান্তর্যামী পুরুষই জানিতেন।