পঞ্চম খণ্ড - দ্বাদশ অধ্যায় - দ্বিতীয় পাদ: ঠাকুরের শ্যামপুকুরে অবস্থান
ভাবাবিষ্ট যুবকের নাড়ী পরীক্ষা
গান শুনিতে শুনিতে দুই-একজন যুবকভক্তের ভাবাবেশে বাহ্যচৈতন্য লোপ হইতে দেখিয়া ডাক্তার তাহাদের নিকটে যাইয়া নাড়ী পরীক্ষা করিয়া বলিলেন, "মূর্ছিতের ন্যায় বাহ্য বিষয়ের জ্ঞান নাই বলিয়া বোধ হইতেছে।" বুকে হাত বুলাইয়া মৃদুস্বরে নাম শুনাইবার পরে তাহাদিগকে পূর্বের ন্যায় প্রকৃতিস্থ হইতে দেখিয়া তিনি ঠাকুরকে লক্ষ্য করিয়া পুনরায় বলিলেন, "এসব তোমারই খেলা, বোধ হইতেছে।" ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন, "আমার নয় গো, এসব তাঁরি (ঈশ্বরের) ইচ্ছায়। ইহাদের মন এখনও স্ত্রী-পুত্র, টাকা-কড়ি, মান-যশাদিতে ছড়াইয়া পড়ে নাই বলিয়াই তাঁহার নামগুণ শ্রবণে তন্ময় হইয়া ঐরূপ হইয়া থাকে।"