পঞ্চম খণ্ড - দ্বাদশ অধ্যায় - দ্বিতীয় পাদ: ঠাকুরের শ্যামপুকুরে অবস্থান
বিদ্যার গরম
পূর্বপ্রসঙ্গ পুনরায় উঠাইয়া এইবার ডাক্তারকে বলা হইল, তিনি ঈশ্বরকে মানিলেও এবং তাঁহার 'ইতি' না করিলেও যাঁহারা বিজ্ঞানচর্চায় রত রহিয়াছেন, তাঁহাদিগের মধ্যে একদল ঈশ্বরকে একেবারে উড়াইয়া দেন এবং অপর দল ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করিলেও তিনি এইরূপ ভিন্ন অপর কোনরূপ হইতে বা করিতে পারেন না, এই কথা উচ্চৈঃস্বরে প্রচার করিয়া থাকেন। ডাক্তার বলিলেন, "হাঁ, ঐকথা অনেকটা সত্য বটে; কিন্তু ওটা কি জান? - ওটা হচ্ছে বিদ্যার গরম বা বদহজম - ঈশ্বরের সৃষ্টির দুই-চারিটা বিষয় বুঝিতে পারিয়াছে বলিয়া তাহারা মনে করে, দুনিয়ার সব ভেদটাই তারা মেরে দিয়েছে। যারা অধিক পড়েছে দেখেছে, ও দোষটা তাদের হয় না; আমি তো ঐ কথা কখনও মনে আনিতে পারি না।"